রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর নৌপথ পুনরায় সচল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ঢাকার চারপাশের নদীগুলোর নৌপথ কার্যকর করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। তার মতে, এতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি নদীর তীরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
নৌপথে যাত্রী পরিবহনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বেসরকারি খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত প্রস্তাব পেলে বেসরকারি কোম্পানিগুলোকে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।





