মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় অবস্থিত ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদরাসা’। ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলে ধর্মীয় ও সাধারণ শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি নিরলস ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ পথপরিক্রমায় বহু গুণী ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে মাদরাসাটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে। তবে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করলেও প্রতিষ্ঠানটি আজও জাতীয়করণের সুফল থেকে বঞ্চিত রয়েছে।
বর্তমানে মাদরাসাটির সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন এমদাদুল হক খান। তার দক্ষ পরিচালনায় এবং মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকদের ভাষ্যমতে, ১৯২১ সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী শিক্ষাপীঠটি শতবর্ষ পার করলেও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও কর্মচারীদের সার্বিক আন্তরিকতা ও প্রচেষ্টায় দিন দিন শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী এই মাদরাসাটিকে দ্রুত জাতীয়করণ করা হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আরও মানসম্মত শিক্ষালাভের সুযোগ পাবে। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শতবর্ষী এই মাদরাসাটিকে অবিলম্বে সরকারিকরণের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও বৃহত্তর এনায়েতনগর এলাকাবাসী।





