রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’ এবং ‘ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।
বিশ্বের ১৯১টি দেশের প্রতিনিধিদের মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তাকে নির্বাচিত করা হয়েছে। তিনি ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’ ক্যাটেগরিতে ‘ফুল ফান্ডেড পার্টিসিপেন্ট’ হিসেবে মনোনীত হয়েছেন। এই পূর্ণ অর্থায়নের ফলে তার যাতায়াত, আবাসন এবং রুশ ভিসা ফি সহ যাবতীয় খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। বিশ্বের মোট ১০ হাজার যুব প্রতিনিধির সাথে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৯০ জনের মধ্যে মুক্তা অন্যতম।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও গৃহিণী রাজিয়া সুলতানা দম্পতির সন্তান হালিমা ইয়াসমিন মুক্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। এর আগে তিনি দেশের ট্রাভেল স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’ ও বহুজাতিক প্রতিষ্ঠান ‘উইংস ট্রাভেলস’-এ কাজ করেছেন। বর্তমানে তিনি লিথুয়ানিয়ার ‘লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটি’তে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
এমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে মুক্তা অত্যন্ত আনন্দিত। এই সফরের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কিং তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এছাড়া ভবিষ্যতে দেশে ফিরে স্টার্টআপ শুরু করার জন্য আন্তর্জাতিক মেন্টরশিপ ও বিনিয়োগকারী খুঁজে বের করাই তার এই সফরের অন্যতম উদ্দেশ্য।





