মধ্যপ্রাচ্যের যুদ্ধে রেকর্ড মুনাফা করল এক্সনমোবিল ও শেভরন

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতির সুযোগে তেলের দাম ও জ্বালানি পরিশোধন বা রিফাইনিং মার্জিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় রেকর্ড মুনাফা অর্জন করেছে যুক্তরাষ্ট্রের দুই জ্বালানি জায়ান্ট এক্সনমোবিল ও শেভরন।

শনিবার (২ আগস্ট) প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এক্সনমোবিলের নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। কোম্পানিটি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় তাদের এই মুনাফার পরিমাণ দ্বিগুণেরও বেশি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং ইতিহাসের সর্বোচ্চ রিফাইনিং মার্জিনই তাদের এই রেকর্ড মুনাফার মূল কারণ। এক্সনমোবিল আরও উল্লেখ করেছে, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় ৯ শতাংশ ব্যাহত হয়েছে। তবে কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতির কারণে তাদের গ্যাস উৎপাদন কিছুটা কমেছে।

একই সময়ে শেভরন ১২ দশমিক ১ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণেরও বেশি। কোম্পানিটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তাদের অপরিশোধিত তেলের গড় বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া ২০২৫ সালে হেস অধিগ্রহণের পর উৎপাদন বাড়ায় কোম্পানিটির আয় আরও বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের ওপরে থাকায় ভোক্তাদের অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপে অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ার ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে বিপুল মুনাফা করলেও এক্সনমোবিল ও শেভরনের শেয়ারের দাম প্রাক-বাজার লেনদেনে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ এবং ০ দশমিক ৩ শতাংশ কমেছে।

শেয়ার করুন