যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) বিকেলের এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, বন্দুকধারী নিজেও ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ প্রধান ম্যাথিউ হিকস ঘটনার সময়কার পরিস্থিতিকে অত্যন্ত বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁর কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখেন। এর পরপরই পিস্তলধারী অন্য এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান।
প্রত্যক্ষদর্শী কোয়েন আরও জানান, রেস্তোরাঁর একজন কর্মী বুকের দিকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং সাহায্যের জন্য অপেক্ষা করেন। তিনি জানান, ওই নারীর অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। শহরের মুখপাত্র জশ পামার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত করা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে আইডাহোর সিনেটর মাইক ক্রাপো জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





