জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

প্রকাশ:

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংঘটিত জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়। বরং এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফসল। শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আতিকুর রহমান রুমন এ সময় আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যকে খাটো করার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনোই দাবি করেনি যে তারা একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ এক দিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের স্থান দেবে না বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির শীর্ষ নেতাদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে তারা কখনো নিজেদের ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে কৃতিত্ব দাবি করেননি।

জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সেই সময়ে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের নিজেদের মোটরসাইকেল ও গাড়িতে করে তাকেসহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন, যার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন