ইতালির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাম্পানিয়ার রাজধানী এবং দেশটির তৃতীয় বৃহত্তম শহর নেপলসে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে নেপলসের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ট্রেন ও মেট্রো লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।
ইতালির ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এক বিবৃতিতে জানিয়েছে, নেপলসের পশ্চিমে অবস্থিত ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায় ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, শুক্রবারের এই ভূকম্পনটি নেপলসে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।
নেপলসের ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য তারা পাননি। উল্লেখ্য, ইতালি সাধারণত ভূমিকম্পপ্রবণ দেশ না হলেও দেশটিতে মাঝে মাঝেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইতালির সাম্প্রতিক ইতিহাসে ১৯৮০ সালে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৭০০ জন এবং ২০১৬ সালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে স্বীকৃত।





