র‍্যাবের আয়নাঘরে বন্দি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, জানালেন চিফ প্রসিকিউটর

প্রকাশ:

রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা 'আয়নাঘর' পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক ও প্রসিকিউশন টিম। শনিবার বেলা ১১টার দিকে উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত এই গোপন বন্দিশালায় পরিদর্শনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও অতীতে এই বন্দিশালার কোনো একটি কামরায় আটকে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, পরবর্তীতে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরিদর্শনকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসিকিউশন টিমের সদস্য ছাড়াও গুম কমিশনের সদস্য নুর খান লিটন এবং গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি এ সময় সাথে ছিলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এই টিএফআই সেলে মোট ২৯টি রুম রয়েছে এবং কী কারণে এগুলো তৈরি করা হয়েছিল, তার ব্যাখ্যা সংশ্লিষ্ট আসামিদের দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমানকেও এই আয়নাঘরে রাখা হয়েছিল এবং তার বর্ণনার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কক্ষটি পরিদর্শন করা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গুম ও খুনের শিকার প্রায় আড়াই শতাধিক ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি, যাদের মধ্যে ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন অন্যতম। গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ এই পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

শেয়ার করুন