এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

প্রকাশ:

দ্রুত শক্তিশালী হয়ে ওঠা প্রাকৃতিক বিপর্যয় এল নিনো আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। শুক্রবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে পৃথিবীকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে এবং দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে, এমন পরিস্থিতিতে এই প্রতিবেদনটি সামনে এলো।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো এখন আর দূরে নেই, বরং এটি আমাদের দোরগোড়া পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে এবং বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, এটি কেবল শুরু। এল নিনো আরও শক্তিশালী হচ্ছে এবং ইতোমধ্যেই জ্বলতে থাকা পৃথিবীতে যেন নতুন করে জ্বালানি যোগ করছে।

পূর্বাভাস অনুযায়ী, মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বা ৫ দশমিক ২২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি হতে পারে। সমুদ্রপৃষ্ঠের এই অস্বাভাবিক উষ্ণতা বিশ্বের গড় তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাভাবিক আবহাওয়াকেও ব্যাহত করবে।

বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্বের প্রায় সব স্থলভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হবে। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি।

পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে গুতেরেস জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণকে এই সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি অবিলম্বে নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করার আহ্বান জানান।

শেয়ার করুন