বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এসি মিলান জানিয়েছে, ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে ইতালির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, বারেসির আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে এবং তার ৬ নম্বর জার্সি ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত থাকবে।
১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াতো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। খেলোয়াড়ি জীবনে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর তিনি এসি মিলানের হয়ে মাঠ কাঁপিয়েছেন। ক্লাবটির হয়ে ৫৩২টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন তিনি। ১৫ মৌসুম মিলানকে নেতৃত্ব দেওয়া বারেসি তিনটি ইউরোপীয় কাপ বা বর্তমান চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জিতেছেন। ১৯৯৭ সালে তার অবসরের পর সম্মানের নিদর্শন হিসেবে এসি মিলান তার ৬ নম্বর জার্সিটি তুলে রাখে; ক্লাবের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই বিরল সম্মান পেয়েছিলেন।
জাতীয় দলের জার্সিতে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বারেসি ৮১টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। তিনি ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী ইতালীয় দলের সদস্য ছিলেন, যদিও সেই আসরে খেলার সুযোগ পাননি। ১৯৮৬ বিশ্বকাপে কোচের সাথে মতবিরোধের জেরে দলের বাইরে থাকতে হয় তাকে। ১৯৯০ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি, যেখানে ইতালি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। ১৯৯৪ বিশ্বকাপে বারেসির নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ইতালি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে যায় তারা। সেই ম্যাচে টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম শট নেওয়া বারেসি গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ৮১ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি।





