ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘ সময় ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। নিয়মিতই নিজের ব্যক্তিগত মুহূর্ত, জীবনের নানা ভাবনা ও নতুন ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে শাবনূরকে একটি কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে দেখা যায়। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবং ছবির ব্যাকগ্রাউন্ডে রঙিন ফুলের মনোরম সাজ ভক্তদের বিশেষ নজর কেড়েছে। ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও যুক্ত করেছেন তিনি। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
তার এই পোস্টটি দেখার পর অধিকাংশ ভক্তই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই তার প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানিয়েছেন। এক ভক্ত তার প্রশংসায় লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তাঁরার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘দূর কে কি বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।’
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে আসায় তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।





