শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আবেদন পরীক্ষা করছে ভারত

প্রকাশ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের করা আবেদনটি ভারত সরকার গুরুত্বের সাথে দেখছে। বৃহস্পতিবার ভারতের জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, বাংলাদেশের করা আবেদনটি যথাযথ কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পরীক্ষা করে দেখছে।

বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে গঠিত কমিটির নবম প্রতিবেদনে উল্লিখিত পর্যবেক্ষণ ও সুপারিশসমূহের ওপর সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা এই প্রতিবেদনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার যে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, তা ভারত আমলে নিয়েছে। এছাড়া, এই বিষয়ে পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ সময় ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, তাদের ভূখণ্ড থেকে কাউকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হয়নি।

শেয়ার করুন