বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং

প্রকাশ:

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন এই দায়িত্ব বুঝে নেন। এই নিয়োগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে দিক-নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন।

দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারা তার জন্য গৌরবের। তিনি আরও উল্লেখ করেন যে, গত কয়েক দশকে নানা প্রতিকূলতা জয় করে বাংলাদেশ যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। টেকসই কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও উন্নয়ন সহযোগীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

চিংফেং ঝাংয়ের টেকসই উন্নয়নের ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ২০ বছরই তিনি এডিবিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। কৃষি, পানিসম্পদ, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ খাতে তার বিশেষ দক্ষতা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিক ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট এবং সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ও হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিশেষায়িত পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন।

১৯৭৩ সালে সদস্য হওয়ার পর থেকে এডিবি বাংলাদেশের উন্নয়নে প্রায় ৪৩ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান অনুমোদন করেছে। বর্তমানে বাংলাদেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের চলমান প্রকল্পের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা ব্যাংকটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি সদস্য দেশ নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন