জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখের রসায়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাস্তবে নয়, এই জুটি পর্দায় তাদের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সিএমভি প্রযোজিত এই নাটকটি ২৬ জুলাই ইউটিউবে উন্মুক্ত করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নাটকটি মাত্র কয়েক দিনে ৫৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
দীর্ঘ সাত মাস ব্যক্তিগত কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ার পর এই নাটকের মাধ্যমে কাজে ফিরেছেন পার্থ শেখ। নিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিনি দর্শকদের নজর কেড়েছেন। পার্থের এই সাফল্য শোবিজের সহকর্মীদেরও নজর এড়ায়নি। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পার্থের একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’ এছাড়া অভিনেতা ফারহান আহমেদ জোভানও পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয় ও এস আর মজুমদারসহ অনেকে।
‘অমর প্রেম’ নাটকে তটিনী ও পার্থ শেখ ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ ও রাশেদ মামুন অপু। নাটকটিতে শাহরিয়ার মার্সেলের সুর ও সংগীতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। গানগুলোর কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।





