দুর্নীতি ও অনিয়মে প্রশাসনকে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশ:

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন পুতুল। তিনি বলেছেন, যেখানেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই প্রশাসনের কর্মকর্তাদের ২৪ ঘণ্টা প্রস্তুত থাকতে হবে। কোনো অভিযোগই অবহেলা করা যাবে না এবং কোনো ধরনের অপারগতা সহ্য করা হবে না। জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণসহ প্রণোদনা দিচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও টেকসই ও লাভজনক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। লালপুর-বাগাতিপাড়া অঞ্চলের উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে যুবসমাজ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর তিনি জোর দেন।

ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি দ্রুত চালু করার লক্ষ্যে বিশেষজ্ঞ ও দায়িত্বশীলদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। তিনি জানান, দেশের মানুষের কল্যাণে তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীসহ সরকারের সবাই উন্নয়নের ধারা গতিশীল করতে নিরলস পরিশ্রম করছেন। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং লালপুরের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন