উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এশিয়া ও আফ্রিকার ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে উত্তরা ইউনিভার্সিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তার ইন্দোনেশিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত ৫ম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেসে (জিএসডিসি) এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও গবেষকরা অংশ নিয়েছিলেন। সম্মেলনে মূলত টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী এই সম্মেলনে তারা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কৌশলগত আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছান।
এই বিশাল উদ্যোগের বড় একটি অংশ জুড়ে রয়েছে ইন্দোনেশিয়া। উত্তরা ইউনিভার্সিটি দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়া ফিলিপাইনের ছয়টি এবং দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তারা চুক্তি সম্পন্ন করেছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম এবং যৌথভাবে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সুযোগ তৈরি হবে।





