নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত আপিল বিভাগের

প্রকাশ:

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

এর আগে, কয়েকজন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। ওই রায়ের প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল। রুলে জানতে চাওয়া হয়েছিল, আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া, নির্দিষ্ট মামলা ছাড়া তাকে শ্যোন অ্যারেস্ট বা গ্রেফতার না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা নিয়েও রুল জারি করা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

শেয়ার করুন