হবিগঞ্জের আজমিরীগঞ্জে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে এই হামলার অভিযোগ তুলেছে দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে।
হামলার ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন। নাহিদ ইসলাম জানান, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর চালায়। এছাড়া সন্ত্রাসীরা মাইক্রোবাস থেকে মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন।





