বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করছে না যুক্তরাষ্ট্র

প্রকাশ:

যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর নতুন কোনো শুল্ক যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা জানান, জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার জন্য বিএনপি সরকার কাজ করবে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির কাজের জন্য তার বিরুদ্ধে মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে ও পরের অপরাধের বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব।

জ্বালানি খাতের বর্তমান সংকট নিয়ে ডা. জাহেদ বলেন, আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না। এতদিন অলিগার্কদের সুবিধা দেওয়ার জন্য গ্যাস উত্তোলনে গুরুত্ব দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে তিনি উল্লেখ করেন, পুলিশ সে সময় মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল এবং ৭ দশমিক ৬২ গুলি ব্যবহার করেছিল। ২০১৮ সালের নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি, তবে এই নির্বাচনের বিচার না করা হলে তা অবিচার হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া শাপলা চত্বরের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার এ ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না। যেই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

শেয়ার করুন