বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা যেন পিছু ছাড়ছে না ফিফার। টুর্নামেন্ট শুরুর আগে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে পুনরায় বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়ায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচের জন্য ইংল্যান্ড সমর্থকদের কেনা টিকিট রিসেল পোর্টালে অস্বাভাবিক উচ্চমূল্যে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সমর্থক সংগঠন। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ চালু হয়।
ঘটনাটির তীব্র সমালোচনা করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে, ফিফা ইচ্ছাকৃতভাবে এমন একটি অনলাইন বিনিময় ব্যবস্থা তৈরি করেছে, যেখানে টিকিট অত্যন্ত বাড়তি দামে বিক্রির সুযোগ রয়েছে। একইসঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে অর্থ নিচ্ছে।
সংগঠনটির আরও বক্তব্য, এই বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আমরা সবসময়ই ফিফার সমালোচনা করেছি। তবে যেসব সমর্থক নিজেরাই অযৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করছেন, তাদের কর্মকাণ্ডও কোনোভাবেই সমর্থন করা যায় না।



