নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ:

তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে মুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে নীলফামারীর সংগলশী ইউনিয়নে একটি মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা মাঠে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়কিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন সংগলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স জীবন বিডি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জুয়েল রানা জীবন।

টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক-উল-হাসান (লুমেন), ব্যাংকার ও সমাজসেবক সেকেন্দার আলী (আদনান), বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী শাহজাহান মোল্লা এবং ১২ নম্বর সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান (ফিজার)।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটলে যুবসমাজের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পায়। মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন