সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও ওষুধ সরবরাহ সম্পর্কে মতামত নেন। এ সময় তিনি রোগীদের জন্য তৈরি খাবারের মান যাচাই করতে খাবার চেখে দেখেন এবং হাসপাতালের রান্নাঘর, মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার, অফিস কক্ষ ও ওয়াশরুম পরিদর্শন করেন। এছাড়া চিকিৎসক ও কর্মচারীদের হাজিরা খাতা এবং হাসপাতালের পুকুর ও চত্বরও ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এছাড়া ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য তদারকি জোরদারের নির্দেশ দেন। দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে জানান, শীঘ্রই প্রকল্পের কাজ ও সয়েল টেস্ট শুরু হবে। আধুনিক এই হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হবে, যেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।
পরিদর্শনকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





