১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহারে কার্যকর পদক্ষেপের আশ্বাস ভূমিমন্ত্রীর

প্রকাশ:

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (২৫ জুলাই) দুপুর ৩টায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই এই বিষয়ে একটি কার্যকর নীতিমালা বা পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভূমিমন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকের ছোবলে না পড়ে, সেদিকে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সজাগ থাকতে হবে। মাদক নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যা প্রতিরোধ করা এককভাবে সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি শিক্ষক সমাজকে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যদি কোনো মেধাবী শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়ে, তবে তাকে ঘৃণা না করে বা কেবল আইনের হাতে সোপর্দ না করে ভালোবাসার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তিনি শিক্ষকদের পরামর্শ দেন, এমন শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে মমতা ও সঠিক শিক্ষার মাধ্যমে তাদের বিপদ থেকে উদ্ধারে সহযোগিতা করতে।

তরুণদের প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, জীবনে চলার পথে নানা ধরনের প্রলোভন আসতে পারে, তবে সেগুলোতে পা দেওয়া যাবে না। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটি দেশ ও বিশ্বের জন্য খ্যাতিমান শিক্ষাবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই এই প্রতিষ্ঠানের রাষ্ট্রদূত; আপনাদের মূল্যবোধ ও আচরণ অন্যদের জন্য অনুসরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জি।

শেয়ার করুন