গণভোটের রায় বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

প্রকাশ:

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘গণভোটের গণরায়কে বাস্তবায়ন না করলে বিএনপি ৫ বছর ক্ষমতায় থাকতে পারবে না। দেশে দেশে তরুণদের আন্দোলনে সরকারপ্রধানের যে পরিণতি হচ্ছে, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি সেই পরিণতি ভোগ করতে চান কি না। গণভোটের গণরায় এদেশের তরুণরা আদায় করেই ছাড়বে।’

ডা: শফিকুর রহমান আরও বলেন, ‘২০১৭ সালে একজন অতিরিক্ত সচিব অবসর নিয়েছেন। অবসরের পর তিনি ২০২৬ সাল পর্যন্ত বিএনপির রাজনীতি করেছেন। গতকালকে তাকে আবার সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে দিয়েই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়। এগুলো বন্ধ না করলে সরকারকে কঠিন মূল্য দিতে হবে।’

সমাবেশে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জুলাই আন্দোলনে হাজার হাজার ভাই-বোন শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা আয়নাঘরে বন্দী ছিলাম। জুলুম-নির্যাতন উপেক্ষা করে জালিম সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর মাঠে ছিলাম। আমরা কিন্তু দেশ ছেড়ে যাইনি।’ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সরকারপ্রধানকে মনে করাতে চাই, আপনি আপনার দলকে বিশ্বাস করেন না। আপনাদের ৩১ দফাকে বিশ্বাস করেন না। পুরাতন বাংলাদেশ আর ফিরবে না।’ এছাড়া সমাবেশে ২০ জন কেন্দ্রীয় নেতা ও ১৭ জন স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন