গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এবং রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটির ওপর অতিরিক্ত লোড রয়েছে। এই লোডশেডিং কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটি ছোট করে নতুন দুটি ফিডার নির্মাণের কাজ করা হবে। এই কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলা ও মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, রফিকুল ইসলাম স্কুল এলাকা, খানকা শরিফ এলাকা, রওশন মার্কেট এলাকা এবং হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা। এছাড়া বারেন্ডা এলাকার আংশিক অংশেও বিদ্যুৎ থাকবে না। সাময়িক এই অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।





