বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটি চাপা, আটক ২

প্রকাশ:

রাজধানীর বাড্ডায় নিখোঁজের তিন দিন পর এক অটোরিকশাচালকের লাশ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব বাড্ডা এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় মাটি চাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়। নিহত অলি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের মৃত আসাদ মিয়া ও নাজমা বেগমের ছেলে। তিনি পূর্ব বাড্ডার জোড়াখাম্বা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথার খুলি ফেটে গেছে। এছাড়া একটি ফুলহাতা শার্ট দিয়ে তার মুখমণ্ডল শক্ত করে বাঁধা ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের খালাতো ভাই রুবেল জানান, গত ২১ জুলাই থেকে অলি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরবর্তী সময়ে তার অটোরিকশাটি উদ্ধার হলেও অলি নিখোঁজই ছিলেন। পরদিন পূর্ব বাড্ডার বালুর মাঠ এলাকায় ময়লার স্তূপের পাশে অলির ব্যবহৃত স্যান্ডেল ও রক্তমাখা একটি পাঞ্জাবি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।

রুবেলের দাবি, অলির বন্ধু জাহিদ কয়েক মাস আগে তার মায়ের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ পূর্ব শত্রুতা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখছে, তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

শেয়ার করুন