প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশকে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের প্রধান গন্তব্য হিসেবে বেছে নিন। বৃহস্পতিবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির আগে তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। তার বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে, কেবল উদ্যোক্তার দক্ষতা নয়, ব্যবসার সাফল্য অনেকাংশে সরকারের প্রবৃদ্ধি-সহায়ক নীতিমালার ওপর নির্ভর করে। তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বিএনপি সরকার চায় আপনারা বাংলাদেশে আসুন এবং নতুন উদ্যোগ নিন। দেশীয় কিংবা বিদেশী বিনিয়োগকারী যখন মূলধন বিনিয়োগ করবেন, তখন সরকার প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে তাদের পাশে থাকবে। এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার।
দেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশাল অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের বড় শক্তি। সরকার একটি নিয়মভিত্তিক এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তুলতে চায়। সরকার গঠনের পাঁচ মাসের মধ্যে বিনিয়োগকারীদের পরামর্শ অনুযায়ী আইনি সুরক্ষা, আধুনিক রেগুলেটরি কাঠামো, কর ব্যবস্থা সহজীকরণ এবং মুনাফা প্রত্যাহারের প্রক্রিয়া ঝামেলামুক্ত করার কাজ শুরু হয়েছে।
তারেক রহমান আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, বস্ত্রশিল্প ও লজিস্টিকস। তিনি ব্যবসায়িক নেতাদের এই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক যাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।





