রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাঙ্কক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল এবং সেই অনুযায়ী রিটার্ন টিকিটও কাটা ছিল। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে। এই অনুরোধের প্রেক্ষিতেই তিনি নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দেশে ফিরে আসছেন।
স্পিকারের দ্রুত দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। সম্ভবত সেই প্রেক্ষাপটেই তাকে দ্রুত ফিরতে বলা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, আশা করা যাচ্ছে শুক্রবার দেশে ফেরার পরই সব বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।





