আগামী আট বছরের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী জানান, বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বিনিয়োগ আকর্ষণের ওপর নয়, বরং দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য অংশীদারত্ব গড়ে তোলার ওপর নির্ভর করে। তিনি অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়িক নেতাদের বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হওয়ার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের বৈচিত্র্যকরণ এবং মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একটি সুদৃঢ়, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে তিনি সবাইকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো’র লক্ষ্য বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করা। আয়োজকদের মতে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, যার ফলে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উদ্যোগ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী হক চৌধুরী এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।





