চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ওপারে বিএসএফ হঠাৎ করে তাদের সীমান্ত পাহারার লাইট বন্ধ করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুশইন আতঙ্কের সৃষ্টি হয় এবং হাজারো মানুষ সীমান্ত এলাকায় জড়ো হয়ে অবস্থান নিতে শুরু করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ আলো নিভে যাওয়ার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশিদের চিৎকার ও চেঁচামেচির মুখে বিএসএফ পুনরায় লাইট জ্বালিয়ে দেয়। শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয়রা সীমান্ত এলাকাতেই অবস্থান করছিলেন।
পরিস্থিতি সম্পর্কে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে লাইট বন্ধ করে দেয়ার কারণে স্থানীয়রা মনে করছেন বিএসএফ হয়তো কাউকে পুশইন করার চেষ্টা করতে পারে। তিনি আরও জানান, উদ্ভুত পরিস্থিতিতে বিজিবি সদস্যরা চকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন।





