পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

প্রকাশ:

পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে সিআইডিতে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। এই সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৬ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।

শেয়ার করুন