দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি সংসদ সদস্য থাকতে পারবেন?

প্রকাশ:

নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে তার আইনি ব্যাখ্যা তুলে ধরেন।

ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে মূলত ‘পদত্যাগ’-এর বিষয়টি উল্লেখ রয়েছে, কিন্তু গাজী নজরুল ইসলামকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে। তিনি বলেন, ‘জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।’

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত চালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন