৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ ইসির

প্রকাশ:

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতদিন এই প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হতো, যেখানে আবেদন ও বায়োমেট্রিক দেওয়ার পর তদন্তের জন্য অপেক্ষা করতে হতো। তবে নতুন ব্যবস্থায় প্রবাসীরা নিজেরাই বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করতে পারবেন।

বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীরা ফর্ম জমা দেওয়ার পর বায়োমেট্রিক আপলোড করে দেবেন। এরপর নির্বাচন কমিশন তদন্তের মাধ্যমে তথ্যের যথার্থতা যাচাই করে দ্রুত অনুমোদন দেবে। এতে পুরো প্রক্রিয়ায় একটি ধাপ কমে আসবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটার এলাকা বা মাইগ্রেশন পরিবর্তনের আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে এবং এই সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি প্রযোজ্য হবে। এছাড়া এনআইডি সংশোধন সংক্রান্ত জটিলতা নিরসনেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে যাদের জেএসসি, এসএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষার সনদে জন্মতারিখ উল্লেখ আছে, তাদের জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠ পর্যায় থেকেই করা হবে। স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা সনদের তথ্যের ভিত্তিতে এই সংশোধনের ক্ষমতা পাবেন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সংগ্রহ নিয়ে ইসি সচিব জানান, বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। তবে এই ডেটা সংগ্রহের বয়সসীমা আরও নিচে নামানো যায় কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক পর্যায়ের তালিকা থেকে এই কার্যক্রম শুরু হবে, তা তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন