ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তাঁর স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)।
র্যাব-১৩’র দিনাজপুর ক্যাম্প (সিপিসি-১) সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত শেষ রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। তাদের আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানের সময় মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭শ টাকাও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুদ রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। র্যাব-১৩’র মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং আলামতসহ ওই দম্পতিকে থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।





