রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির পুরোনো গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সেলিমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর আসামিদের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মুঠোফোনটিও উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই বেলা তিনটার দিকে এফডিসির পুরোনো গেটের পাশে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিমকে আম কাটার ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহত সেলিমের স্ত্রী রেখা বেগম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, এজাহারভুক্ত আরেক আসামি রতনের নির্দেশে তাঁরা সেলিমের ওপর হামলা চালিয়েছিলেন। রতনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস সম্পর্কে র্যাব জানায়, মিজানের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং ভেজাল ওষুধ–সংক্রান্ত রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। ভেজাল ওষুধের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। অন্যদিকে, প্রধান আসামি মকবুলের বিরুদ্ধে মাদক ও দস্যুতার চেষ্টাসহ তিনটি মামলা রয়েছে এবং মাদক মামলায় তিনি এর আগেও তিনবার গ্রেপ্তার হয়েছিলেন।





