ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় পারিবারিক কলহের জেরে সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানিকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। শুনানি শেষে কবির ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, পেশায় রিকশাচালক কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের পর প্রায়ই তিনি স্ত্রী লিমা আক্তারের সঙ্গে ঝগড়া ও মারধর করতেন। লিমা আক্তারের বাবা অসুস্থ থাকায় গত ১৫ জুলাই বৃহস্পতিবার তিনি মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবির ও লিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির তার শাশুড়ির কোল থেকে শিশু রাফা মনিকে ছিনিয়ে নিয়ে রাস্তার ওপর আছাড় মারেন।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার দিনই স্থানীয় জনতা কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন ১৬ জুলাই পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত শুক্রবার নিহত শিশুর নানি সারমীন আক্তার বাদী হয়ে তুরাগ থানায় কবিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।




