সেপ্টেম্বরে ভারত সিরিজের মাধ্যমে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিকের আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশ:

সেপ্টেম্বরে ঢাকা সফরে আসার কথা রয়েছে ভারত ক্রিকেট দলের, যারা তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। গত বছর সিরিজটি হওয়ার কথা থাকলেও দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে তা স্থগিত হয়ে যায়। এবারের সিরিজটি নিয়েও ধোঁয়াশা তৈরি হলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশাবাদী যে, এই সিরিজটি আয়োজনের মাধ্যমেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হবে।

মিরপুরের সুইমিং কমপ্লেক্সে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট বাংলাদেশের জন্য একটি মর্যাদাপূর্ণ বিষয় এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। বিগত সময়ে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আমিনুল হক জানান, তিনি নিজে ভারতের দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং তারাও ভারত দলের বাংলাদেশ সফরের অপেক্ষায় আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তিক্কতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে ক্রীড়া কূটনীতি ও যোগাযোগ স্বাভাবিক রাখা সরকারের লক্ষ্য। উল্লেখ্য, গত মার্চে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তাশঙ্কার কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এমনকি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিসিবি এই সিরিজের মিডিয়াস্বত্ব বিক্রির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করেছিল।

এদিকে, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি নিয়ে প্রতিমন্ত্রী জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। মে ও জুন মাসজুড়ে উপজেলা, জেলা, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ের খেলাগুলো শেষ হয়েছে। আগামী ২৭ জুলাই বিকেল চারটায় আর্মি স্টেডিয়ামে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন