২৪ জুলাই মুক্তি পাচ্ছে জয়-মৌ অভিনীত সিনেমা স্নেহের বন্ধন

প্রকাশ:

দেশের প্রেক্ষাগৃহে দুই মাসের দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার জোয়ার ফিরতে শুরু করেছে। কোরবানির ঈদের পর গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘মাস্তুল’ ও ‘বাপজান’। সেই ধারাবাহিকতায় আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামান পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. শাহ আলম।

দীর্ঘদিন পর পারিবারিক আবহের একটি সিনেমা নিয়ে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী। সিনেমাটি নিয়ে অভিনেতা জয় চৌধুরী বলেন, “পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের ছবিই দর্শক বেশি দেখতেন। কিন্তু গত কয়েক বছরে মারপিটের নামে পর্দায় ভায়োলেন্সই বেশি দেখানো হচ্ছে, যা সমাজের জন্যও ক্ষতিকর।” তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, দর্শক ভালো গল্পের সিনেমা দেখতে চান। তাই আশা করছি, নির্মাতারা আবার নব্বইয়ের দশকের মতো পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।”

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা মুক্তির ধারায় ছবিটি প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জয় চৌধুরী। অন্যদিকে প্রযোজক মো. শাহ আলমের প্রত্যাশা, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে।

শেয়ার করুন