ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ

প্রকাশ:

ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রতিটি টেবিলে গিয়ে শরিক নেতাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ঐক্যেজোটের শওকত আমিন। এরপর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম।

নৈশভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সহসভাপতি বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টুও এতে অংশ নেন।

প্রধানমন্ত্রী বুফেতে দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন এবং শরিক নেতাদের সঙ্গে একই টেবিলে বসে নৈশভোজ সারেন। প্রধানমন্ত্রীর টেবিলে ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সুব্রত চৌধুরী এবং ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানে ৪১টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে মুফতি মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, ইসলামিক পার্টির আবুল কাসেম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল পিপলস পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের মহিউদ্দিন কাদরি শওকত ও খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিকল্প ধারার নুরুল আমিন ব্যাপারি, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, গণফোরামের মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ও ফারুক হাসান, আম জনতা দলের অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসিউজ্জামান ও তারেক রহমান, সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম ও খন্দকার আহসান হাবিব, জনতার অধিকার পার্টির তারিকুল ইসলাম ভুঁইয়া ও এমএ আর রাজা রহমান, এনডিপির কেএস আবু তাহের ও আবদুল্লাহ আল হারুন, এনডিএমের ববি হাজ্জাজ এবং বিএনপির শাহাদাৎ হোসেন সেলিম ও রেদোয়ান আহমেদ।

শেয়ার করুন