জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

প্রকাশ:

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই সনদে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি, তা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর নিজ নিজ ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে একটি মহল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে, যা কাম্য নয়। তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমেই সব মতপার্থক্য দূর করা সম্ভব।

নিজেদের রাজনৈতিক আদর্শ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি জনগণের রায়ের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের কল্যাণে কাজ করতে চায়।

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং দেশজুড়ে লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তই ছিল ফ্যাসিবাদের সূচনা। দীর্ঘ সময় একদলীয় শাসনের ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিক শক্তির ওপর বিএনপির আস্থা রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র পুনর্গঠন করা সম্ভব হবে। এ সময় তিনি দাবি করেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ জন মানুষ গুমের শিকার হয়েছেন।

শেয়ার করুন