তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষাবিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত ও জোরদার করা। এই লক্ষ্যকে সামনে রেখে সেনাবাহিনী প্রধান সফরকালে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ ছাড়া তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করবেন সেনাপ্রধান। ৫ দিনের এই সরকারি সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।





