অপরাধ দমনে দলীয় কর্মীদেরও ছাড় নেই: শামা ওবায়েদ

প্রকাশ:

মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ জুলাই) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সভায় দেওয়া বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি তার নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমার সঙ্গে ঘনিষ্ঠতা আছে বা আমার মঞ্চে বসেছেন—এই পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটি ভাবলে ভুল করবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও ইভটিজিং কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, এগুলো পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

নগরকান্দা ও সালথার বাসিন্দাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, যাদের বাড়িতে সংঘর্ষে ব্যবহৃত ঢাল, সড়কি বা দেশীয় অস্ত্র রয়েছে, তারা যেন সেগুলো স্বেচ্ছায় থানায় জমা দেন। স্থানীয় বিরোধ বা জমিজমা সংক্রান্ত ঝামেলা সহিংসতা বা আদালতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন পাস হওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সমাজে কেউ নির্যাতনের শিকার হলে ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। এজন্য থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, থানা পুলিশের কাজ হলো সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

সভায় ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন