সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ শনিবার থেকে দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। পরবর্তীতে এই পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে উপজেলার অন্যান্য সব ব্লকেও পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ করা হবে।
এই কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য গত ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে গত ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। অফিস আদেশে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে অভিহিত করে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা সম্ভব হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের পথ আরও সুগম হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ ছাড়াও কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।





