আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ

প্রকাশ:

আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের মেগা ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার জন্য স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে নিয়োগ দিয়েছে ফিফা।

৪৬ বছর বয়সী ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে কাতারের মোহাম্মদ আলকালাফ দায়িত্ব পালন করবেন।

চলতি বিশ্বকাপে এটি ভিনচিচের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে তিনি গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া এবং শেষ ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ পরিচালনা করেছেন। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। উল্লেখ্য, ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়া ভিনচিচ ২০২২ কাতার বিশ্বকাপে দু’টি ম্যাচ পরিচালনা করেছিলেন।

স্পেনের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ভিনচিচের পরিসংখ্যান বেশ ইতিবাচক। স্পেনের পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করে তিনি কোনোটিতেই তাদের হারতে দেখেননি। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে কলম্বিয়ার সাথে ড্র, ২০২০ ইউরোতে সুইডেনের সাথে ড্র, ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে জয় এবং ইউরো ২০২৪-এ ইতালি ও ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ, যেখানে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল লিওনেল মেসির দল।

ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল হওয়ায় এবারের বিশ্বকাপের ফাইনাল লড়াইটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন