৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২

প্রকাশ:

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৬৮ জনে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের মোট মৃত্যুর মধ্যে অক্টোবরের প্রথম ২১ দিনেই ১২৪ জন প্রাণ হারিয়েছেন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগী মারা যান।

নতুন আক্রান্তদের যুক্ত করে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ৪৫৫ জন ছাড়পত্র পেয়েছেন, যার মাধ্যমে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ১২ হাজার ১১১১ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক সংক্রমণের চিত্রে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫০৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯৪, বরিশালে ২৩১, খুলনায় ২০৬, রাজশাহীতে ১৬২, ময়মনসিংহে ৬০, রংপুরে ৪৪ এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন