বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০

প্রকাশ:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ ফ্যাক্টরিতে একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর কারখানায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়লে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভা এলাকার এই কারখানায় কর্মীরা কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানায় কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জনকেই হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

দুর্ঘটনায় দগ্ধ হওয়া ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন— দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক এবং সেলিম উদ্দিন।

এই দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

শেয়ার করুন