কাপ্তাই লেকের পানি বাড়ছে, শনিবার খুলতে পারে ১৬টি স্পিলওয়ে গেট

প্রকাশ:

রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড় ধসের ঝুঁকি এখনো রয়ে গেছে। এরই মধ্যে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধ থেকে পানি ছাড়ার প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল পর্যন্ত লেকে পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএলে পৌঁছেছে।

উজানের ভারী বৃষ্টিপাতের কারণে পানি আরও বাড়ার আশঙ্কায় শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে গেট আরও খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট চালু রেখে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত করা হচ্ছে।

দেশের একমাত্র কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিটই এখন সচল রয়েছে। পানির উচ্চতা বাড়ার ফলে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই উৎপাদন আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় সড়ক, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কর্ণফুলী নদীর তীরবর্তী বাসিন্দাদের পানি বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন