বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশ:

বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং আনুষ্ঠানিকভাবে বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের মেয়াদে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন, যার আগে তিনি রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। ৮৭-এ ব্যাচের এই কর্মকর্তা মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

শিক্ষাজীবনেও তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়ায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি স্ট্র্যাটেজিক স্টাডিজ, ডিফেন্স স্টাডিজ এবং অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশ থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি এবং এমফিল সম্পন্ন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একজন কৃতি গ্র্যাজুয়েট।

প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তার কমান্ডের অধীনে থাকা জাহাজ ও ঘাঁটির মধ্যে রয়েছে বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌঘাঁটি বানৌজা তিতুমীর। পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিএসসিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও তিনি তার পেশাদারিত্বের ছাপ রেখেছেন।

শেয়ার করুন