বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

প্রকাশ:

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান, যিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে এই পদে রয়েছেন। তিনি আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন।

মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই প্রথম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন। এছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। শিক্ষাজীবনে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জন করেছিলেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন।

দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন