সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ যেসব অভিযুক্ত ব্যক্তি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার যে চিঠি দিয়েছে এবং যোগাযোগ রক্ষা করছে, ভারত তাতে সাড়া দেবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। যেহেতু সাজা হয়ে গেছে, তাই আইন অনুযায়ী কোনো আসামির আত্মসমর্পণের সুযোগ নেই। সুতরাং, তিনি যখনই বাংলাদেশে আসবেন, তাকে গ্রেপ্তার করা হবে।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্কে কোনো ব্যাঘাত ঘটবে না। সম্পর্ক তার জায়গায় থাকবে এবং একটি দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক বহুমাত্রিক হয়। তিনি উল্লেখ করেন যে, বিমসটেকের মিটিংয়ে উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের অংশগ্রহণসহ বিভিন্ন স্তরে আলোচনা ও বিনিময় চলমান থাকবে।
জুলাই মাসে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের জন্য ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হওয়াটা বাংলাদেশের গণতন্ত্র ও ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিহত ও আহতদের পরিবারের জন্য একটি ক্লোজার প্রয়োজন এবং সরকার যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।




